দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হয়ে এক জেলে আহত হয়েছেন।
আহত মো. ইদ্রিস (৫৫) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত ইবনে আমিনের ছেলে।
স্থানীয় জেলে ও বাসিন্দাদের ভাষ্য, সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া দেন বলে দাবি করা হয়।
জেলেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ইদ্রিসের ডান পায়ের হাঁটুর কাছে গুলি লাগে।
পরে সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে রয়েছেন।
জালিয়াপাড়া ১ নম্বর সুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, মাছ ধরার সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। ফিরে আসার সময় গুলি চালানো হলে ইদ্রিসের পায়ে গুলি লাগে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় গুলিতে একজন জেলে আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নদীতে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যে আই