দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তাঁর পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।
গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তাঁকে প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি বেকার ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলক চ্যাটার্জির মৃত্যুর পর তাঁর লেখা কয়েকটি চিরকুট উদ্ধারের কথা জানায় পুলিশ। এর একটি চিরকুটে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তাঁর পাওনা টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে। দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা ওই চিরকুটে পাওনা অর্থ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলা হয়।
এর তিন দিন পর সোমবার সেই ১০ লাখ টাকা তাঁর পরিবারের ব্যাংক হিসাবে জমা দেয় সমকাল কর্তৃপক্ষ।
সাংবাদিক পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জির লেখা চিরকুটগুলোর মধ্যে স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা একটি চিরকুটও ছিল। সেখানে তাঁদের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ ছিল। ছোট ভাই দীপক চ্যাটার্জির প্রতি স্ত্রী ও মেয়েকে দেখভালের অনুরোধও করেছিলেন তিনি।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএস/