দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে। তবে একটি দোতলা পিংক বাস নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় নারী চালক ফাহিমা সানজানের আসন ছেড়ে পুরুষ সহকর্মীর চালকের আসনে বসার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ফাহিমা। তিনি বলেন, ‘পানি খাওয়ার জন্য সিট থেকে নামার পর তাদের গাইড চালকের আসনে বসে গাড়িটি চালিয়েছেন।’
বুধবার (১৯ আগস্ট) দেশ টিভিকে এসব কথা বলেন তিনি।
ফাহিমা সানজান বলেন, ‘সকাল ৭টা থেকেই আমরা যাত্রা শুরু করি। অনেক যাত্রী নিয়ে আসা-যাওয়া করি। এর মধ্যে প্রচণ্ড গরম, ফলে পানির পিপাসা লাগে।’

তিনি বলেন, বিআরটিসির ১০টি বাসেই তাদের প্রশিক্ষক ও গাইড রয়েছেন। নতুন চালক হিসেবে তারা এখনো গাইডদের সহায়তা পাচ্ছেন।
ফাহিমার ভাষ্য, ‘আমি আমার ড্রাইভিং সিট থেকে উঠে পানি খাওয়ার জন্য নামি। তখন ওস্তাদ এসে আমার সিটে বসে। আমি বললাম, ওস্তাদ, আমি পারব। পরে ওস্তাদ বলল, না, আমিই চালাই। আমি যে বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে পারি না, বিষয়টা এমন নয়।’
এ ঘটনাকে কেন্দ্র করে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্লাইওভারে উঠতে না পারলে কি এমনি এমনি স্টিয়ারিং হাতে নিয়েছি? আগামীকাল সাংবাদিক ভাইয়েরা নিশ্চয়ই আসবেন, যখন আমি ফ্লাইওভারে গাড়ি চালাব।’
তিনি আরও বলেন, তারা নতুন এবং তাদের কাজকে ইতিবাচকভাবে দেখে সহযোগিতা করা উচিত।
‘সরকারের এই ভালো উদ্যোগটাকে ব্যর্থ করার জন্য বাজে মানসিকতার কিছু মানুষ খারাপ মন্তব্য করছেন। যাদের মানসিকতা ভালো, তারা এটাকে ভালোভাবেই দেখছেন। নারী চালকদের ওপর যাত্রীদের বিশ্বাস আছে,’ বলেন ফাহিমা।
নিজের কর্মজীবনের কথা তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করলে কাজের অনেক সুযোগ রয়েছে।
ফাহিমা জানান, ২০১৮ সালে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ বিষয়ে একটি কোর্স করেন। ২০২১ সালে বিআরটিসিতে নিয়োগের সুযোগ পেয়ে সফলভাবে যোগ দেন তিনি। প্রথমে তেজগাঁও প্রশিক্ষণকেন্দ্রে কাজ করার পর গাজীপুরে পদায়ন করা হয়। পরে ২০২২ সালে প্রশিক্ষক হিসেবে সিলেটে পদায়ন পান।
সিলেটে দায়িত্ব পালনের সময় বিদেশফেরত ব্যক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি।
এর আগে বুধবার দুপুরে শাহজাহানপুর এলাকায় দোতলা পিংক বাস নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় বিপত্তিতে পড়ার খবর ছড়িয়ে পড়ে। বলা হয়, ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে ফাহিমা বাসটি থামিয়ে দেন। পরে সম্ভাব্য দুর্ঘটনা ও দীর্ঘ যানজট এড়াতে এক পুরুষ চালক এগিয়ে এসে বাসটি ফ্লাইওভারে তোলেন।
তবে ফাহিমার দাবি, তিনি ফ্লাইওভারে উঠতে না পারায় বাস থামাননি। পানি খাওয়ার জন্য চালকের আসন থেকে নামার সময় তাদের গাইড বাসটির নিয়ন্ত্রণ নেন এবং নিজেই গাড়ি চালান।
/অ