দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান গ্যাস সংকট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩০ জুলাই ঘোষিত এক দিনের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দীর্ঘদিনের দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মসূচি বাস্তবায়ন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে জনস্বার্থ এবং সরকারের পাশে থাকার দায়িত্ববোধ থেকে ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর, সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুলাই একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩০ জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তখন নেতারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও গত এক দশকে সিএনজি বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানো হয়নি। বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সোমবারের সংবাদ সম্মেলনে নেতারা জানান, বর্তমান গ্যাস সংকটের কারণে শুধু ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না এলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পূর্বঘোষণা অনুযায়ী পালন করা হবে।
এমএস/