দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ভাটারায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৬ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফসা (৮)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে হাফসা এবং শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহীন মারা যান।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ভোরে রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নেওয়া প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এমএম/