দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অধিকাংশ সবজি এখন ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৮০ টাকায় পৌঁছেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে কচুর লতি প্রতি কেজি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১৩০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা এবং গোল বেগুন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স ও চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, জালি প্রতি পিস ৮০ টাকা এবং লাউ প্রতি পিস ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। বিভিন্ন বাজারে প্রতি কেজি ২৮০ টাকা, কোথাও কোথাও ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ফকিরাপুল বাজারে কথা হয় খায়রুল হকের সাথে তিনি বলেন, গত কয়েক দিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ আরও বেড়েছে। বাজারে ১০০ টাকার নিচে প্রায় কোনো সবজি নেই।
ক্রেতা রিয়া ইসলাম জানান, কয়েক দিন আগেও অনেক সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যেত। এখন বেশির ভাগ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে। সবজির এমন দামে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে দাম আরও কিছুদিন বাড়তি থাকতে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমএম/