দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারাগার থেকে বের হওয়ার এক মাসের মাথায় রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশন (৫০)। পুলিশ জানিয়েছে, তিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। পুলিশের ‘শীর্ষ সন্ত্রাসী’র তালিকায় একসময় তার নাম ছিল।
শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে পলাশকে লক্ষ্য করে যুবক গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ পলাশের বাসায় কাজ করা ইব্রা মিয়া জানান, তাদের বাসা পশ্চিম রামপুরায় এলাকায়। দুপুরে মুক্তির গলি মসজিদে জুমার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে গেলে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কয়েকজন তাকে ধাওয়া দিলে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, এলাকায় মিজান হত্যা মামলায় ২৫ বছর জেলে ছিলেন পলাশ। মাস খানেক আগে তিনি জেল থেকে বের হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, তার মাথায় দুটি গুলি লেগেছে। বর্তমানে অপারেশন থিয়েটারে আছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই যুবক আগে থেকে ওঁত পেতে ছিল। সুযোগ বুঝে তারা পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, আহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি কাইল্লা পলাশ নামে পরিচিত। দীর্ঘদিন কারাভোগের পর কিছু দিন আগে জেল থেকে মুক্তি পান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
কেএম