দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পুরোদমে শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ঈদুল আজহার সকালে পশু কোরবানির পরপরই নগরীর বিভিন্ন এলাকায় একযোগে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পিকআপভ্যান, ঠেলাগাড়ি ও অন্যান্য যানবাহনের মাধ্যমে কোরবানির বর্জ্য সংগ্রহ করছেন। সংগ্রহ করা বর্জ্য দ্রুত ছোট ভ্যান থেকে বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদুল আজহার পবিত্রতা রক্ষা ও পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে তারা কাজ করছে। এ কার্যক্রম তদারকিতে মাঠে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
স্থানীয় বাসিন্দারা জানান, এবার বর্জ্য অপসারণের গতি তুলনামূলকভাবে সন্তোষজনক এবং দ্রুততার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরী পরিষ্কার হয়ে যাবে বলে তারা আশা করছেন।
এদিকে নগর কর্তৃপক্ষ নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পলিথিন ব্যাগ ব্যবহারসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে। পরিবেশবান্ধব উপায়ে কোরবানির কার্যক্রম সম্পন্ন করার জন্যও সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে, যাতে ৫৪ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।
কর্তৃপক্ষ আশা করছে, বিরামহীন এই কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই পুরো রাজধানী বর্জ্যমুক্ত করা সম্ভব হবে।
জে আই