দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পল্লবীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয় শিশুটির খণ্ডিত মাথা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর একটি বাসা থেকে নিখোঁজ হয় আট বছরের শিশু রামিসা। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ভবনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটের উল্টো পাশের দরজার সামনে রামিসার ব্যবহৃত স্যান্ডেল দেখতে পান তারা।
এরপর ওই ফ্ল্যাটের দরজা খুলতে বলা হলেও দীর্ঘ সময় ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ভয়াবহ দৃশ্য দেখতে পান তারা।
পুলিশ জানায়, ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার কক্ষের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার কাটা মাথা।
নিহত রামিসা রাজধানীর পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সময় ফ্ল্যাটে সোহেল রানার স্ত্রী স্বপ্না উপস্থিত ছিলেন। তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে পেশায় রিকশা মেকানিক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় এক নারী জানান, ‘শুনেছি ছোট্ট বাচ্চাটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।’
আরেক স্থানীয় বাসিন্দার ভাষ্য, ‘সম্ভবত তার অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল। টাকা-পয়সার বিষয় নয়। তার স্ত্রীকে আটক করা হয়েছে, কিন্তু সে গ্রিল কেটে পালিয়ে যায়।’
৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পল্লবী থানা পুলিশ। সঙ্গে ছিলেন মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, ‘অভিযুক্ত সোহেল রানার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তিনি একজন রিকশা মেকানিক। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তিনিই হত্যাকাণ্ডে জড়িত।’
তিনি আরও বলেন, হত্যার আগে শিশুটিকে নির্যাতন করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মোস্তাক সরকার বলেন, ‘এখনও তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’
এমএস/