দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা) এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে উন্নীত হবে। এর ফলে আরও বেশিসংখ্যক বিমান পরিচালনার সুযোগ তৈরি হবে এবং আয়ও বাড়বে।
তিনি জানান, নতুন টার্মিনালে যাত্রীসেবার মান উন্নয়নে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজটও কমে আসবে। সেখানে প্রায় ১২০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত বড় কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে রিপিটার স্থাপনের মাধ্যমে কাভারেজ আরও বাড়ানো যাবে।
এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে।
এছাড়া বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
জে আই