দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু আর নেই। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্যের বিষয়ে পরে জানানো হবে। তবে তরুণ চক্রবর্তী ফিজুর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহটি যে কোন মেডিকেল কলেজে দান করা হতে পারে।
তরুণ চক্রবর্তী ফিজু ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল ২৪ পরিবার। গণমাধ্যম অঙ্গনেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ হিসেবে স্মরণ করছেন।
তরুণ চক্রবর্তী ফিজু ১৯৫০ সালের ১৭ এপ্রিল দিনাজপুরে জন্মগ্রহণ করেন। দিনাজপুর সেন্ট জোসেফ স্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে ১৯৬৫ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে এসএসসি, সুরেন্দ্রনাথ কলেজ থেকে ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ঢাকা জগন্নাথ কলেজ থেকে ১৯৬৯ সালে গ্রাজুয়েশন করার পর চার্টাড একাউনটেন্ট ইন্টার মিডিয়েট এবং সিএ ফাইনাল পার্ট-২ পাস করে নেদারল্যান্ডের আরভিবি ম্যানেজমেন্ট স্কুল থেকে ম্যানেজেরিয়াল কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পোস্ট গ্রাজুয়েশন করেন।
তার সহধর্মিনী গীতা মজুমদার একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমানে অবসর জীবনযাপন করছেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার ছেলে তানুল চক্রবর্তী বর্তমানে হা-মীম গ্রুপে কর্মরত আছেন এবং মেয়ে সম্পৃতা চক্রবর্তী কানাডা প্রাবাসী।
কর্মজীবনের শুরুর দিকে ১৯৭০-এর দশকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রায় প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সক্রিয় ছিলেন এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর একজন ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী ছিলেন। তার পেশাগত দক্ষতা, সততা এবং নীরব নিষ্ঠা গণস্বাস্থ্য পরিবারে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরবর্তীকালে ৩৭ বছর গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে কাজ করে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। চ্যানেলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলটির পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।
এবি/