দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার মেট্রো রেল লাইনের ওপর গত কয়েক দিনে মোট সাতটি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড–ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার উত্তরা এলাকায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।
ফারুক আহমেদ বলেন, জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আপনারা যদি সচেতন না হন, তাহলে যত নিরাপত্তা জোরদারই করি না কেন, তা কার্যকর হবে না। গত সপ্তাহে ট্র্যাকে একটি ড্রোন পড়েছিল। গত কয়েক দিনে আমরা মোট সাতটি ককটেল পেয়েছি। জনগণের জন্য আপনারা ইতিবাচক বার্তা দিন।’
তিনি আরও বলেন, মেট্রোর এই অবকাঠামো শুধু ডিএমটিসিএলের নয়, সবার। সবাইকেই এর নিরাপত্তা রক্ষা করতে হবে।
রোববার রাতে সচিবালয় এলাকায় এক কিশোর মেট্রোরেলের ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই কিশোরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান ডিএমটিসিএল এমডি।
এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব জানান, কিশোরটিকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘মেট্রোর ছাদে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপরে ১৫০০ ভোল্ট বিদ্যুতের লাইন। যে কেউ মারা যেতে পারে। সবাইকে বোঝাতে হবে—ট্রেনের ভেতরে উঠতে হবে, বাইরে নয়।’
সম্প্রতি ভূমিকম্পের পর মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার গুঞ্জন অস্বীকার করেন ডিএমটিসিএল এমডি। তিনি বলেন, ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা ধরে পুরো স্ট্রাকচার পরীক্ষা করা হয়েছে। কোথাও বড় ধরনের ক্ষতি হয়নি। কেবল এক স্থানে দেয়ালে ফাটল, দুইটি টাইলস খসে পড়া ও সিলিং প্যাড খুলে যাওয়ার মতো সামান্য সমস্যা দেখা গেছে। পরীক্ষার কারণে সেদিন ট্রেন চলতে ২৭ মিনিট দেরি হয়।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেল ভেঙে পড়ার ভুয়া ছবি ঘুরেছে। এগুলোর অনেকই এআই–নির্মিত। আমরা সব পরীক্ষা করে নিশ্চিত হয়েছি—কোনো ধরনের বড় ক্ষতি হয়নি।’
এমএস/