দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আর এতে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
কমলাপুরের বাসিন্দা ইসরাত জাহান বলেন, ‘এসময় আমি বাসায় ছিলাম। আমি ভবনের ১৬ তলায় থাকি। হঠাৎ দেখি জিনিসপত্র পড়ে যাচ্ছে। পুরো ভবন তখন দুলছে। কী করব তখন বুঝতে পারছিলাম না। দোয়া পড়তে শুরু করলাম। আমার জীবনে এমন কাঁপন দেখিনি।’
কেরানীগঞ্জের বাসিন্দা সানজিদা আক্তার বলেন, ‘বিল্ডিংটা প্রচুর দুলছিল। আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। সবাই চিৎকার করতে করতে নিচে নামছিল।’
দেশটিভির সাংবাদিক রুহুল আমিন বলেন, ‘এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি। পুরো ভবন দুলছিল। পরে দ্রুত রাস্তায় নেমে আসি। এটি বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র।’
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা গণমাধ্যমকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।
ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।
/অ