দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবিতে সাইকেল র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে ‘এইড ফর মেন ফাউন্ডেশন’। বুধবার দিনব্যাপী আয়োজনগুলো অনুষ্ঠিত হয়। সংগঠনটি বলছে, সমাজে পুরুষের প্রতি অবহেলা ও বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে, যা নিয়ে এখনই সচেতনতা বাড়ানো জরুরি।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষায় আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা মারাত্মক অবহেলার শিকার। অধিকার তো দূরের কথা, জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। রাজনৈতিক দলগুলো যদি ইশতেহারে পুরুষ অধিকারকে গুরুত্ব না দেয়, আমরা তাদের ভোট দেব না।’
‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’ শীর্ষক এই আলোচনায় বলা হয়, মিথ্যা মামলা ও আইনি বৈষম্যের কারণে অনেক পুরুষ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে তাদের প্রধান দাবি ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’।
সকালে জাতীয় জাদুঘর থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট এতে সহযোগিতা করে। পরে শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসার হোসেন ও জাকির হোসেন, ভ্যাট ও ট্যাক্স আইনজীবী রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনিরসহ অনেকে। সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ।
সংগঠনটির নেতারা জানান, পুরুষের আইনি ও সামাজিক সুরক্ষায় তারা সারা বছর ধরেই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমএস/