দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিয়মের অভিযোগ এনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। সোমবার (১৭ জুলাই) বেলা পৌনে ১২টায় বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তরিকুল ইসলাম বলেন, 'কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না।'
তিনি বলেন, 'আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করেন না। আমাদের কোনো কথা ও অভিযোগ তারা আমলে নেন না।'
তরিকুল ইসলাম বলেন, 'নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।'
তবে বনানী মডেল স্কুলের ৫১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাথী মাহমুদ এ তরিকুল ইসলামের এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো। ভোট প্রয়োগের ক্ষেত্রে কারও কোনো বাধা নেই। তবে কেন্দ্রটিতে ভোটারের উপস্থিতি কিছুটা কম।