দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ বিক্ষোভ হয়। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। পরে তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়।
কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, শ্রমিকরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, রিনার মৃত্যুর পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমএস/