দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রবাড়ীতে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
যাত্রাবাড়ীতে মারা গেছে লিজা আক্তার নামের ১৫ বছর বয়সী এক কিশোরী। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীর এক বাসায় তার পরিবার ভাড়া থাকে।
তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, লিজা আগেই মারা গেছে।
রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম নামের ৪৫ বছর বয়সী এক নারী।
নাহিদ নামের স্থানীয় এক যুবক জানান, মরিয়মকে তারা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাছাকাছি সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মো. রাকিব নামের ২৫ বছর বয়সী এক রিকশাচালক। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই গ্যারেজেরই আরেক রিকশাচালক নাজমুল হাসপাতালে সাংবাদিকদের জানান, রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।
বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরএ