দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার মালিবাগের একটি বাসা থেকে এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক বেসরকারি মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহাদকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট ডা. রেজা বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে আমরা পাশাপাশি কক্ষে থাকতাম। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করতেন। করোনার সময়ে তিনি দেশে চলে আসেন। এরপর থেকে অনলাইনে ক্লাস করতেন।
ডা. রেজা আরও জানান, কয়েকদিন আগে ওই মেডিকেলের কর্তৃপক্ষ তাকে চীনে যেতে বলে। তারপর থেকেই তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। পারিবারিকভাবে অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। বেশ কয়েক মাস ধরে রায়হান রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়েন।
তিনি জানান, সন্ধ্যার দিকে সাড়াশব্দ না পেয়ে আমরা আহাদকে ডাকাডাকি করি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জেডএ