দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার এক নারী কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর এলাকায় নুপুর নামের এই নারীর ওপর হামলার ঘটনা ঘটে।
শুরুতে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
নুপুর ভোলা লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ‘ভীষণ গার্মেন্টস’-এর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নুপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে ফিরছিলেন নুপুর।
সে সময় রূপনগর শিয়ালবাড়ি ৫ নম্বর রোডে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। নুপুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিকেলে ঢামেক হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, ‘নুপুরের আগামী মাসের ১২ তারিখে বিয়ে ঠিক হয়ে আছে। এ ঘটনায় ওই যুবককে পুলিশ আটক করেছে বলে জানতে পেরেছি।’
এদিকে নুপুরের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে পেছন থেকে এক যুবক এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও সেই যুবক অনবরত আঘাত করতেই থাকে। এ সময় দুজন এগিয়ে এলেও পরক্ষণে সরে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, রায়হান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।
এমজে