দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাঁদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না। ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে তিনি এ বক্তব্য দেন।
নাসীরুদ্দীনের ওই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা ডিএমপির যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘটাচ্ছেন কি না, নাকি অন্য কেউও জড়িত রয়েছেন।
জবাবে মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
তাহলে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।’
এর আগে ১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় এক পথচারী আহত হন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এমএম/