চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইভিকা অলিচের হ্যাট্রিকে লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্ন ১-০ গোলে জিতেছিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক সেমিতে ক্যাম্প ন্যু-তে আজ বুধবার মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে প্রথম লেগে ৩-১ গোলে হারিয়েছিল হোসে মোরিনহোর ইন্টার মিলান। তাই সেমির দ্বিতীয় লেগে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে পেপ গোয়ার্দিওলার বার্সেলোনাকে। বার্সার মেসি, অঁরি, ইব্রাহিমোভিচসহ কোচ পেপ গোয়ার্দিওলাও ফাইনালে খেলার জন্য বেশ মরিয়া হয়ে আছেন। আর খেলবেনও তারা নিজেদের মাটিতেই।
ফাইনালে খেলা নিয়ে বার্সা কোচ পেপ গোয়ার্দিওলা বেশ আত্মবিশ্বাসী বলে জানান এক প্রেস ব্রিফিংয়ে।
তিনি বলেন, “আমি ইন্টারকে নিয়ে একটুও চিন্তিত নই। আমার চিন্তা ফাইনালে খেলা নিয়ে। আর কীভাবে তা করবো এটা নিয়েই ভাবছি।”
অন্যদিকে ইন্টার কোচ হোসে মরানিহো নিজের দলের ফাইনাল অনেকটা নিশ্চিতই ধরে রেখেছেন।
তিনি বলেন, “এটা ফুটবল খেলা। মাত্র ৯০ মিনিটের। এর মাঝে এতো চিন্তার কিছু নেই। সেরা দলটিই ফাইনাল খেলবে। আর ইন্টারকে থামানো এতোটা সহজ হবে না।”
বার্সেলোনার মিডফিল্ডার সার্জিও বাসকোয়েটের মুখেও প্রতিফলিত হয়েছে কোচের কথাই।
তিনি বলেন, “আমাদের মূল শক্তি সমর্থকরা। আর তাদের জন্যই আমরা মাঠে নামি। তাদের স্বপ্নপূরণের জন্যই আমরা লড়বো।”
বুধবার রাত পৌঁনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টারমিলান।