ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আইপিএল-এর কমিশনার ললিত মোদীকে আর্থিক অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। আইপিএল’র তৃতীয় আসরের ফাইনালের পরপরই ই-মেইলে মোদিকে অপসারণের কথা জানিয়ে দেয়া হয়।
ললিত মোদী একই সঙ্গে কেন তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেয়া হবে না ১৫ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
নিজের টুইটারে স্ট্যাটাস দিয়ে বিতর্কের শুরুটা করেন ললিত মোদী। এর জের ধরে বান্ধবীকে একটি টিমের শেয়ার পাইয়ে দেয়ার অভিযোগে পদত্যাগ করেন ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর।
এরপর থেকেই গুঞ্জন ছিল মোদিকে সরিয়ে দেয়া হবে আইপিএল থেকে।
রোববার ফাইনালের পুরস্কার বিতরণীর আগেই তাকে ই-মেইলে জানিয়ে দেয়া হয় বরখাস্তের বার্তা।
তবে ললিত মোদী দাবি করছেন, আইপিএল-এর প্রতিটি সিদ্ধান্তই নিয়ম মেনে হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। এ অপসারণের জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।