ভোলা-৩ আসনের নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার দায়ে লালমোহন ও তজুমদ্দিন থানার ৮ পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের নির্দেশে ভোলার পুলিশ সুপার এস.এন মোঃ নজরুল ইসলাম তাদের বদলী করেন। ওই ২ থানায় নতুন করে ৮ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার সকালেই বদলী হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
লালমোহন থানার বদলীকৃতরা হচ্ছেন: এসআই সুলতান আহম্মদ, আলমগীর, এএসআই আঃ খালেক, নজরুল ইসলাম, চান মিয়া ও বায়েজিদ। তজুমদ্দিন থানার বদলী হওয়া পুলিশ সদস্যরা হলেন: এসআই সুলতান মাহমুদ ও নুরে আলম।
ভোলার পুলিশ সুপার এস এন মোঃ নজরুল ইসলাম জানান, রুটিন ওয়ার্ক হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশে এদের বদলী করা হয়েছে।
তবে সহকারী নির্বাচন কমিশনার ও ভোলা- ৩ আসনের রির্টানিং অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণেই তাদের বদলী করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেয়া হয়েছে। এই আট জন সবাই ২০০৮-০৯ সালে থেকে লালমোহন ও তজুমদ্দিন থানায় কর্মরত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা পাল্টি মামলা করবে বলেও জানালেও শুক্রবার সকাল ১১টা পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেননি।
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী শাওন শুক্রবার সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন। তবে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজ বাসভবনে নেতৃবৃন্দের সঙ্গে সভা করেন।