শহরাঞ্চলের গরীব ২৪ লাখ ৭০ হাজার পরিবারের কাছে সরকার ২২ টাকা কেজি দরে মাসে ২০ কেজি চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার সকালে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে অনুমোদিত ডিলারের মাধ্যমে এ চাল বিতরণ করা হবে।
চাল কেনার জন্য প্রতিটি পরিবারকে কার্ড দেয়া হবে—জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্ড বিতরণ শুরু হবে।
তিনি আরো বলেন, ঢাকা শহরের ১১৫টি ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটিতে ১০ হাজার, প্রতিটি বিভাগীয় শহরের ওয়ার্ডগুলোতে ৫ হাজার এবং জেলা শহরে ১০ হাজার করে কার্ড ইস্যু করা হবে।
আগামী তিন মাস এই কর্মসূচি চালু থাকবে—এ কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, যেসব পরিবারের কোনো স্থায়ী আয় ও নিজস্ব বাড়ি নেই, সেইসঙ্গে যারা সরকারের অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতাভুক্ত নয় সেসব পরিবারই এই সুবিধা পাবে। মন্ত্রী আরো বলেন, চালের বাজার স্থিতিশীল থাকলেও সরকার মনে করছে, বাজারে মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ আরো বাড়ানো প্রয়োজন।
একইসঙ্গে খোলা বাজারে চাল বিক্রির কর্মসূচিও চলবে বলে জানান তিনি।