মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নির্মাণাধীন জ্বালানি প্লান্টে রোববার এক শক্তিশালী বিস্ফোরণে পাঁচ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ১১টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দিকে মিডল টাউন শহরে ক্লিন জ্বালানি প্লান্টের একটি গ্যাস পাইপলাইনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র মিডলটাউন প্রেস।
দমকল বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি আরো জানিয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৫০ জন নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।
তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় কয়েক কিলোমিটার দূরের বাড়িঘরও কেঁপে ওঠে এবং ঘটনার পরপরই কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
মিডলটাউনের দমকলবাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে ৪টি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।