রাজধানীর মিরপুরে একটি বাড়ি থেকে দুটি অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মিরপুর ১ নম্বরের বিশিল এলাকার ওই বাড়ির মালিক দেশ টিভিকে বলেন, জুন মাসে টেকনিশিয়ান পরিচয়ে ৪ জন যুবক তৃতীয় তলার একটি রুম ভাড়া করেন।
পরে তাদেরকে সন্দেহ করে আসল পরিচয় জানতে চাপ দিলে ভাড়া না দিয়েই বাসা ছেড়ে দেন তারা।
বাড়ির মালিক মোশাররফ হোসেন দাবি করেছেন, পরিত্যক্ত কক্ষটি খুলে একটি বাক্স দেখে বাড়ির তত্ত্বাবধায়ক পুলিশকে খবর দেন।
পরে খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে একটি এসএমজি, একটি নাইন এমএম পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি তাজা গ্রেনেড ও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার একেএম শহীদুল হক।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “সেখানে কেউ ছিল না। পুলিশ সেখানে ঢুকে কিছু অফেনসিভ আইটেম পায়।”
তার ধারণা, নাশকতা তৈরির জন্য জঙ্গি সংগঠনের সদস্যরা এসব জড়ো করে থাকতে পারেন।
কোন জঙ্গি সংগঠনের সদস্যরা সেখানে বাস করতেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ সংগঠন কারা তা তদন্তে বেরিয়ে আসবে।”