চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুক্রবার একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০। সংঘর্ষে অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ও ৭টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে মর্দনা গ্রামের আশরাফের স্ত্রী হাওয়ার সঙ্গে একই গ্রামের ভগু বিশ্বাসের ছেলে দুরুলের পরকীয়া সর্ম্পক আছে এ বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের একটি দোকানে কয়েকজন মানুষের সঙ্গে দুরুলের কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটি এক পর্যায়ে দুপুর ১টার দিকে উভয়পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দেলজাহান, ইউসুফ, মংলু জামাদার, গুধা, সেতাবুর, দুরুল ও মতিবুরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে আগুন নিযন্ত্রণ আনে।
শিবগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সাইফুদ্দিন (৩৫) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকেলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) খন্দকার শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।