পাবনার ঈশ্বরদীতে শুক্রবার সকালে দুই দল বিড়ি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রগুলোকে উদ্ধৃত করে দেশ টিভির সংবাদদাতা জানিয়েছেন, ঈশ্বরদীর গোকুল নগরের আকিজ বিড়ি ফ্যাক্টরিতে সরকার সমর্থিত এবং সরকার বিরোধী দুই দল শ্রমিকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এবং পরে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে স্বপন (২৭), নাসিরুল (২৫) ও মাসুম (২০) কে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরে স্বপনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে স্বপনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষের সময় গোলাগুলির শব্দ শোনা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি খুব বড় ধরনের কোনো সংঘর্ষ নয়।