বিডিআর বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী ও পিলখানা হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রহিম মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুকে ব্যাথা শুরু হলে রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন সময় রাত পৌনে ১০টার দিকে মারা যান ডিএডি রহিম।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের পর ডিএডি রহিম গ্রেপ্তার হন। এরপর দীর্ঘদিন রিমান্ডে থাকার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগারে নেয়ার পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে রাখা হয়। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে একাধিকবার চিকিৎসা দেয়া হয় তাকে।
ডিএডি রহিম উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকে ভুগছিলেন।
শুক্রবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হবে।
পরে ময়নাতদন্ত শেষে রহিমের লাশ স্বজনদের কাছে দেয়া হবে বলে কারা সূত্র জানিয়েছে।