৩০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এবারের পরীক্ষায় ১ লাখ ৪৭ হাজার ৯৮৮ জন আবেদনকারী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট শহরের মোট ১১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ৬৮টি কেন্দ্র রয়েছে।
বিপিএসসি গত ৯ মার্চ ৩টি ক্যাডারের ২ হাজার ৫৭২টি পদের বিপরীতে ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়। পরে ২৯ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
ক্যাডার ৩টির মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডার ১,৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে।