বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
চলতি বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতনের ওপর সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। বাজেট পাস করার পর থেকেই ছাত্রদের মধ্যে এ নিয়ে অসন্তোষ বাড়তে থাকে।
গত সোমবার রাজধানীর গুলশান-বনানীসহ নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা কয়েকটি রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবারও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এদিকে, বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ সব ধরনের প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মূসক প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি, সম্পদ ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া এবং রাজপথ, সড়ক ও গলিতে অবস্থান, মিছিল, প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।