দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই মেয়ের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নারী মানসিক ভারসাম্যহীন।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৯৫) ওই গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তার মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মায়ের ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর রোকেয়া বেগম নিজেই বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
জে আই