দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে ঈদকে কেন্দ্র করে গরুপ্রতি ১৮০০ টাকা রওনা (হাসিল) ফি আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও খামারিরা। এতে হাটে গরু কেনাবেচা কমে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার হাটে গরুপ্রতি ১৮০০ টাকা রওনা ফি আদায় করা হয়, যার মধ্যে ক্রেতার কাছ থেকে ১৫০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছিল। ইজারাদার আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে ইচ্ছেমতো ফি আদায়ের অভিযোগ ওঠে।
খামারী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, অতিরিক্ত রওনা ফি’র কারণে ক্রেতারা গরু না কিনেই ফিরে যাচ্ছেন। এতে হাটের বেচাকেনা মারাত্মকভাবে কমে গেছে।
গাজীপুরের টঙ্গী থেকে আসা এক ক্রেতা সবুজ মিয়া বলেন, গরুর দাম তুলনামূলক কম হলেও রওনা ফি অনেক বেশি। দেশের অন্য কোনো হাটে এত ফি নেওয়া হয় না।
অন্যদিকে খামারীরা জানান, অতিরিক্ত খরচের কারণে ক্রেতারা ছোট হাটমুখী হচ্ছেন, ফলে গোবিন্দাসী হাটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হাটের ইজারাদার পক্ষের লোকজন জানান, গত হাটে গরুপ্রতি ১৪০০ টাকা ফি নেওয়া হয়েছিল, তবে ঈদের শেষ হাট হওয়ায় এবার তা বাড়িয়ে ১৮০০ টাকা করা হয়।
পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এ জরিমানা করা হয়। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে রওনা ফি পুনর্নির্ধারণ করে ক্রেতার কাছ থেকে ১২০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা নির্ধারণ করা হয়।
জে আই